যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন
ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌতুকের দাবিতে এক নারীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত গৃহবধূর নাম হেলেনা আক্তার সুমি (২০)। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। গুরুতর আহত অবস্থায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আজ সোমবার সকালে চিকিৎসাধীন হেলেনা আক্তার সুমি সাংবাদিকদের জানান, দুই বছর আগে আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. মনির মোল্লার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তাঁর। বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাঁর স্বামী বিভিন্ন কাজের কথা বলে হেলেনার বাবার বাড়ি থেকে ব্যাবসা করার জন্য কয়েক লাখ টাকা নিয়েছে। সবশেষ গত ১৬ জুলাই আবারও ব্যবসা করার জন্য বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য হেলেনাকে চাপ দেয় তাঁর স্বামী। এত টাকা দিতে পারবেন না বলে হেলেনার বাবা-মা জানিয়ে দিলে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করে ঘরে আটকে রাখে মনির মোল্লা। পরে মাকে টেলিফোন করে বিষয়টি জানান হেলেনা। এরপর স্থানীয় মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে হেলেনার মা তাসলিমা বেগম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি অভিযোগ করেছেন। তিনি সাংবাদিকদের জানান, হেলেনা চার মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর মারপিটের কারণে মারাত্মক আহত হয়ে এখন তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। তিনি এই ঘটনার বিচার দাবি করেন।
এ ব্যাপারে হেলেনার স্বামী মো. মনির মোল্লার সাথে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ঘটনাটির বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। শিগগিরই উভয় পক্ষকে ডেকে শুনানির মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন তিনি।

সঞ্জিব দাস, ফরিদপুর