রাবি শিক্ষার্থী অনিন্দ্য এবার ২ দিনের রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার একই বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম অনিন্দ্যকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য এবার দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ২ জুন রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকার বাড়ি থেকে অনিন্দ্যকে গ্রেপ্তার করে। এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
প্রথম দফায় গত বুধবার রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট-২ আদালতে অনিন্দ্যের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক খালেদ হোসেন খান জিজ্ঞাসাবাদের জন্য মুনতাসিরুল আলম অনিন্দ্যের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনদিনের রিমান্ড শেষে আজ শনিবার অনিন্দ্যকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক। এ সময় মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক জাহিদুল ইসলাম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল হত্যা মামলায় শিক্ষার্থী অনিন্দ্যকে তিনদিনের রিমান্ড শেষে পুনরায় রিমান্ড আবেদন করলে আদালত শনিবার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁকে ডিবি পুলিশই জিজ্ঞাসাবাদ করবে।
গত ২৩ এপ্রিল সকালে মহানগরীর শালবাগান এলাকায় নিজ বাসার সামনে থেকে মাত্র ১০০ গজ দূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারা উপজেলার দরগামারিড়ায়। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ এক জেএমবি সদস্যসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।

শ. ম সাজু, রাজশাহী