বাগেরহাটে ডাকাত সন্দেহে ৪ জন আটক
অস্ত্রসহ গতকাল রাতে বাগেরহাটের শরণখোলায় আটক চার ব্যক্তি। ছবি : এনটিভি
বাগেরহাটের শরণখোলায় ডাকাত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার রায়েন্দা কদমতলা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পিরোজপুর জেলার সৌলা গ্রামের মো. আবুল কালাম (৪০), রায়েন্দার কদমতলা এলাকার মো. সৈয়দ আকন (৪০), চুয়াডাঙ্গা জেলার কবিখালী গ্রামের মো. সাইফুল ইসলাম (২২) ও শরণখোলার দিপচর নলবুনিয়া গ্রামের সাইফুল ইসলাম হাওলাদার (২৭)।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল জানান, উপজেলার মধ্য কদমতলা গ্রামে ইব্রাহিম খলিফার মৎস্য ঘেরে বসে কিছু লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়।
এ সময় ডাকাতদের কাছ থেকে দুটি রামদা, দুটি চাপাতিসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।

রবিউল ইসলাম, বাগেরহাট