ঈশ্বরদী আ. লীগের সভাপতির ইন্তেকাল
পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনিসুন্নবী বিশ্বাস (৭৭) আর নেই। গতকাল রোববার রাতে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আনিসুন্নবী স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গত ২৯ জুন রাতে কোমরে আঘাত পাওয়ার পর ৩০ জুন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রোববার রাতে ঢাকার মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামিয়া মাদ্রাসা মাঠে আনিসুন্নবীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বাদ জোহর ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় এবং চরসাহাপুর ঈদগাহ ময়দানে তৃতীয় জানাজা শেষে চরসাহাপুর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে আনিসুন্নবী বিশ্বাসের মৃত্যুতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আনিসুন্নবী বিশ্বাসের মৃত্যুতে জাতি ও আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো, যা কোনোভাবেই পূরণ করা সম্ভব না। তিনি মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্যও মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।

এ বি এম ফজলুর রহমান, পাবনা