বোয়ালমারীতে কৃষককে পিটিয়ে-কুপিয়ে হত্যা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মুরাইল গ্রামে প্রতিপক্ষের পিটুনি ও কোপে সালাম সিকদার (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ময়না ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির মো. সেলিম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুরাইল গ্রামের জাফর বিশ্বাস ও আলিম বিশ্বাসের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দিবাগত রাতে আলিম বিশ্বাসের পক্ষের লোকজন জাহাঙ্গীর বিশ্বাসকে পিটিয়ে আহত করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
আজ সকালে উভয়পক্ষ সংঘবদ্ধ হয়। এ সময় আহত জাহাঙ্গীরের চাচা সালাম সিকদারকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পর মুরাইল ও আখালীপাড়া এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। তাদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
এসআই আরো জানান, ময়নাতদন্তের জন্য সালামের লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর