ডাকাতির মামলার দুই আসামির বাড়িতে আগুন দিল জনতা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ডাকাতির মামলার দুই আসামির বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
আজ শনিবার সকালে জনতা উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর চকপাড়া গ্রামের রুবেল ইসলাম (২৫) এবং তেলজুড়ি গ্রামের আনিস মোল্লার (৩০) ঘরে আগুন দেয়।
পুলিশ জানিয়েছে, রুবেল ও আনিসের নামে বোয়ালমারী থানাসহ আশপাশের থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
গত ১ জুলাই তেলজুড়ি বাজার জামে মসজিদ থেকে ৩০ হাজার টাকা চুরি হয়। এর পর ৭ জুলাই ঈদের দিন রাতে তেলজুড়ি বাজার মুদি দোকান ব্যবসায়ী আমিন কাজীর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে পালিয়ে যায় ডাকাতদল। এ দুটি ঘটনায় মামলা হয়।

এ ঘটনার জড়িত সন্দেহে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তেলজুড়ি গ্রামের মিনালকে (২৫) আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ সময় তাঁর কাছ থেকে মসজিদের টাকা ও দোকান ডাকাতির কিছু টাকা ও মালামাল উদ্ধার করা হয়।
মিনাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে এ দুটি ঘটনায় রুবেল ইসলাম ও আনিস মোল্লা জড়িত বলে স্বীকার করে। এর পরই জনতা ক্ষিপ্ত হয়ে তাদের বাড়িতে আগুন দেয়।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়া শুক্রবার রাতেই ডাকাতির মামলায় একজনকে আটক করা হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর