ফরিদপুরে ঈদের প্রধান জামাত হয়েছে চাঁদমারীতে
ফরিদপুরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শহরের চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
ফরিদপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শুরু হয়।
চাঁদমারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের জামাতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী প্রমুখ।
ফরিদপুর পুলিশ লাইন্স ময়দান, চকবাজার জামে মসজিদ, সদরপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল মাঠ ও চন্দ্রপাড়া পাক দরবার শরিফে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার থেকে থেমে বৃষ্টি হওয়ার কারণে আজও বৃষ্টির আশঙ্কা করা হয়েছিল। তাই আজ ফরিদপুরের পাড়া-মহল্লার মসজিদেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর