সাতক্ষীরায় আওয়ামী লীগ পরিবারকে প্রাণনাশের হুমকি!
‘পৌঁছে দিবো শেষ ঠিকানায়, সময় তোর শেষ’ এমন হুমকি দিয়ে একটি উড়ো চিঠি এসেছে।
সাতক্ষীরায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত একটি পরিবারকে দুর্বৃত্তরা প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা গেছে।
গতকাল রোববার রাতে চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। সঙ্গে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এক টুকরো সাদা কাপড় পাঠিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর থেকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর গ্রামের ওই পরিবারটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমআর মিঠু জানান, গতকাল রোববার রাতের কোনো একসময়ে কে বা কারা একটি সাদা খামে করে হাতে লেখা ওই চিঠি তার ছোট ভাই মনিরুজ্জামান তুহিনের বাড়ির ফটকে ফেলে রেখে যায়। তুহিন সাবেক যুবলীগ নেতা। বর্তমানে সাতক্ষীরায় ‘অন্তর মাল্টিমিডিয়া ও কম্পিউটার’-এর মালিক।
স্থানীয় লোকজন জানান, চার ভাইয়ের মধ্যে তৃতীয় এমআর মিঠু ব্রহ্মরাজপুর ইউপির সদস্য ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার।
মিঠু জানান, চিঠির নিচে তাঁদের চার ভাইয়ের তিনজন তুহিন, মিঠু ও বাবুর নাম উল্লেখ করা হয়েছে। বাবু একটি ইলেকট্রনিক দোকানের মালিক ও আওয়ামী লীগ কর্মী।
ইউপি সদস্য মিঠু বলেন, ‘আমাদের নাস্তিক ও পুলিশের দালাল বলে গালাগাল করা হয়েছে। ৫ জানুয়ারিতে ভোট দেওয়ার বিষয়টি অন্যায়ের চোখে দেখে হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া ২০০৮ সালের ৩০ ডিসেম্বরের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান বাবুর প্রসঙ্গ টেনে নির্বাচনী প্রচারের লক্ষ্যে তাঁকে একটি ঘর দেওয়ার জন্যও হুমকি দেওয়া হয়েছে।’
মিঠু আরো বলেন, ‘চিঠিতে বলা হয়েছে, তোদের দিন শেষ। তোদের মৃত্যু ঘোষণা করা হলো।’ তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনি মৌখিকভাবে অভিযোগটি পেয়েছেন। উড়ো চিঠিটি হাতে পেয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা