ভাঙ্গায় পুকুরে চার মাস বয়সী মেয়েশিশুর লাশ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারাইদাহ গ্রামের একটি পুকুর থেকে চার মাস বয়সী এক মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ লাশ উদ্ধার করে। শিশুটির নাম রাবেয়া। গ্রামের রিয়াজ শেখের মেয়ে সে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সন্ধ্যায় শিশুটিকে ঘরে রেখে তার মা জরুরি কাজে বাইরে বের হন। ফিরে এসে ঘরে তাকে না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। দুদিন পর বাড়ির পাশের পুকুরে শিশু রাবেয়ার লাশ ভেসে ওঠে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। কীভাবে শিশুটি পুকুরের পানিতে পড়ল নাকি কেউ শিশুটিকে পানিতে ফেলে হত্যা করেছে সে রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

সঞ্জিব দাস, ফরিদপুর