ভারত যাওয়ার আগে সাড়ে ৫ টন মধু আটক
সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে আটক মধুর ড্রাম। এসব ড্রামে পাঁচ হাজার ৫৯৩ কেজি মধু পাওয়া গেছে বলে বিজিবি জানিয়েছে। ছবি : এনটিভি
সাতক্ষীরার ভোমরা এলাকা থেকে সাড়ে পাঁচ টনেরও বেশি মধু আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে এই মধু আটক করা হয়।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকী জানান, ব্যাটালিয়ন সদর দপ্তরের হাবিলদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আজ সোমবার ভোরে এই মধু আটক করে।
হাবিবুল্লাহ আল বাকী জানান, ভারতে পাচারের লক্ষ্যে এই মধু কয়েকটি ড্রামে ভরে ভোমরা রাশিদা খাতুন উচ্চ বিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত ঘরে রেখে দেওয়া হয়। বিজিবির সদস্যরা খবর পেয়ে তা আটক করেন। এসব ড্রামে পাঁচ হাজার ৫৯৩ কেজি (সাড়ে ৫ টনের বেশি) মধু ছিল। পরে তা সাতক্ষীরা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান তিনি।
ভোমরা রাশিদা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দূরে ভারত সীমান্ত।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা