জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করব : তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করব। আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের শিকারীকান্দায় বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি এ কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচনি ইশতেহার নিয়ে জনগণের কাছে গিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি রক্ষার সর্বোচ্চ চেষ্টা করছি। বিগত সরকারের আমলে উন্নয়নের নামে প্রকল্প নেওয়া হলেও কাজ হয়নি। কিন্তু আমাদের কাজে দুর্নীতি স্পর্শ করতে পারবে না।’ তিনি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান ঠিক রেখে কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেন।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করব। গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা থাকবে। তবে মিস-ইনফরমেশন বা বানোয়াট সংবাদ যেন প্রচারিত না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।’ তিনি আরও জানান, দেশের ৬৪টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও এই প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে তথ্য কমপ্লেক্সের ভেতরে সাংবাদিকদের জন্য স্থান লিজ দেওয়ার বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
১৯.৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সাততলা বিশিষ্ট কমপ্লেক্সটিতে সিনেপ্লেক্স, আইসিটি ল্যাব, ডিজিটাল আর্কাইভ এবং সাইবার ক্যাফে থাকবে। এটি একদিকে যেমন সুস্থ ধারার চলচ্চিত্র ও জাতীয় ইতিহাস প্রসারে ভূমিকা রাখবে, অন্যদিকে ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহারের মাধ্যমে গুজব প্রতিরোধে সহায়তা করবে। ১৮ মাস মেয়াদী এই প্রকল্পের কাজ আজকের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।

আইয়ুব আলী, ময়মনসিংহ