আলফাডাঙ্গায় জমি নিয়ে বিরোধ, বাড়িঘর ভাঙচুর
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে ঘরের টিনের বেড়া ভেঙে ও পরিবারের লোকজনকে মারপিট করে গুরুতর আহত করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার বানা ইউনিয়নের টাবনি কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আলম শরীফ জানান, একই গ্রামের ইউনুস বাহিনী তার দলবল নিয়ে সন্ত্রাসী কায়দায় সিরাজ শরীফ ও তাঁর লোকজনের ওপর হামলা চালিয়ে সিরাজ শরীফ, আলম শরীফ, নাজমুল শরীফ, তাহাজ্জেল শরীফ, মোসা. উজ্জ্বলা খাতুনকে মারধর করে গুরুতর আহত করে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটসহ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল করিম বলেন, ‘খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত আমি লিখিত অভিযোগ পাইনি। পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে ইউনুসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, তাহাজ্জেলের স্ত্রী জেসমিন নাহার বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সঞ্জিব দাস, ফরিদপুর