চট্টগ্রামে যুবককে পুড়িয়ে হত্যা
চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় এক যুবককে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুড়িয়ে মারার আগে তাঁর চোখ উপড়ে ফেলা হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. কিরণ বলেন, ‘সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমবাগানের কেন্টিন গেট এলাকায় একটি কালভার্টের নিচে ওই যুবকের পা বাঁধা লাশ দেখতে পাই। এক জায়গায় রক্ত দেখা গেছে। ওই স্থানে হয়তো তাঁকে প্রথমে কুপিয়ে মারা হয়েছে। পরে কালভার্টের নিচে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।’
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, ‘অজ্ঞাত পরিচয় ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর দুই পা বাঁধা ছিল। কেন্টিন গেটের একটি ছোট কালভার্টের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যাওয়ায় চেহারা বোঝা যাচ্ছে না। রক্ত দেখে অনুমান করা হচ্ছে ভোর রাতে এ ঘটনা ঘটতে পারে।’
পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, ‘যুবকের পরিচয় জানতে যত প্রক্রিয়া আছে সব করা হবে। নইলে ডিএনএর মাধ্যমে শনাক্ত করা হবে। অন্য কোথাও খুন করে লাশ ওই স্থানে এনে আগুন দেওয়া হয়েছে। ’
এর আগেও কেন্টিন গেটের ওই কালভার্টের কাছে অজ্ঞাত ব্যক্তিদের লাশ পাওয়া গেছে বলে স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম