সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোজাফফর সানা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের চারাবটতলায় এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, নিহত মোজফফর সানা দোহার গ্রামের আবদুল গফফার সানার ছেলে। তিনি নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) মোজাফফর বাহিনীর প্রধান ছিলেন। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি দেশি শাটারগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মাগুরা ইউনিয়নের চারাবটতলা এলাকায় টহলে ছিল। এ সময় মোটরসাইকেলে তিনজন আরোহী দ্রুত বেগে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের চ্যালেঞ্জ করে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। পুলিশও পাল্টা গুলি করে। এতে মোটরসাইকেলের চালক গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। অন্যরা দ্রুতবেগে পালিয়ে যায়।
পরে পুলিশ আহত ব্যক্তিকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির মোজাফফর সানা হিসেবে চিহ্ণিত করে। তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশের দুই কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, মোজফফর সানার বিরুদ্ধে সাতক্ষীরা ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় চারটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ায় পুলিশ তাঁকে খুঁজছিল।
এসআই আরো জানান, খবর পেয়ে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার (এএসপি) আতিকুল হক ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন। তাঁরা পলাতক অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। অস্ত্র, বোমা পাওয়া ও পুলিশের ওপর হামলার ঘটনায় তালা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা