বান্দরবানে ট্রাকচাপায় শিশুসহ ২ জন নিহত
বান্দরবানের লামা উপজেলায় ট্রাকচাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লামার মিরিঞ্জা পর্যটন স্পট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের দোকান, বাড়িঘর ভেঙে গভীর খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাক চাপায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলো শিশু কাজু মনি (৫) ও ব্যবসায়ী মোক্তার হোসেন (৫৫)। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছে। এঁদের মধ্যে দুজন হচ্ছেন বেলাল হোসেন (২৩) ও আবদুল মালেক (২৮)। অন্যদের নাম জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
রাতে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদ মাহমুদসহ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানঘর ভেঙে পাহাড়ের খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। হতাহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান