পানির চাপে সড়ক ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ
টানা দুই দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পানির তোড়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার একটি গুরুত্বপূর্ণ সড়কের নিচের মাটি সরে গিয়ে বড় ধরনের ধসের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে বিকল্প পথে দুই থেকে তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার সাধারণ মানুষ।
গতকাল শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে হালুয়াঘাট উপজেলার ধারা-নালিতাবাড়ী সড়কের ধুরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটিতে পানি নিষ্কাশনের পর্যাপ্ত কোনো কালভার্ট বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা জলাবদ্ধতার অতিরিক্ত চাপে সড়কের নিচের মাটি সরে যায়। আজ সকালে গর্তটি আরও বড় আকার ধারণ করলে পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এটি হালুয়াঘাটের ধারা, ধুরাইল, কৈচাপুর ও আমতৈল—এই চার ইউনিয়নের প্রধান যাতায়াত মাধ্যম। এ ছাড়া পার্শ্ববর্তী শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, রূপনারায়ণকুড়া ও নালিতাবাড়ী সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম পথ এটি। সড়কটি ধসে পড়ায় দুই জেলার আন্তউপজেলা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
ভোগান্তির কথা জানিয়ে ধারা বাজারের ব্যবসায়ী এম বি রায়হান ও ধারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মাহমুদুল হাসান জানান, ব্যবসা ও পড়াশোনার কাজে নিয়মিত এ পথ দিয়ে যাতায়াত করতে হয়। সড়কটি ধসে যাওয়ায় এখন দুই থেকে তিন কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক। স্থানীয় ফারুক ফকির নামে এক যাত্রী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
সার্বিক বিষয়ে হালুয়াঘাট উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রউফ জানান, সড়ক ধসের বিষয়টি তিনি অবগত আছেন। ধসে যাওয়া স্থান পরিদর্শনের জন্য উপজেলা প্রকৌশল দপ্তরের টিম পাঠানো হয়েছে। দ্রুত পর্যালোচনা করে সেখানে পুনর্নির্মাণ ও চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

মানিক চৌধুরী, ময়মনসিংহ (হালুয়াঘাট-ধোবাউড়া)