শপথ নিলেন রাজশাহীর নবনির্বাচিত ১৬ চেয়ারম্যান
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।
আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুই উপজেলার ১৬ জন ইউপি চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।
শপথ নেওয়া তানোর উপজেলার চেয়ারম্যানরা হলেন—কলমা ইউনিয়নের লুৎফর হায়দার রশীদ ময়না, বাঁধাইড়ের আতাউর রহমান, পাঁচন্দরের আবদুল মতিন, সরনজাইয়ের আবদুল মালেক, তালন্দের আবুল কাশেম, কামারগাঁর মুসলিম উদ্দিন ও চান্দুড়িয়ার মজিবুর রহমান। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গোদাগাড়ী উপজেলার শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন—গোদাগাড়ী ইউনিয়নের রুহুল আমীন (বিএনপি), মোহনপুরের মোস্তফা হোসেন (বিএনপি), বাসুদেবপুরের হাবিবুর রহমান বেবী (বিএনপি), মাটিকাটার আলী আজম তৌহিদ (বিএনপি), পাকড়ির আবদুর রাকিব সরকার (আওয়ামী লীগ), রিশিকুলের শহীদুল ইসলাম টুলু (আওয়ামী লীগ), গোগ্রামের প্রভাষক মজিবুর রহমান (আওয়ামী লীগ), দেওপাড়ার আকতারুজ্জামান আখতার (আওয়ামী লীগ) এবং চর আষাড়িয়াদহের সানাউল্লাহ (স্বতন্ত্র)।
গত ২৩ এপ্রিল তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা চেয়ারম্যান নির্বাচিত হন।

শ. ম সাজু, রাজশাহী