ফরিদপুরে ফলাফল ঘোষণার দাবিতে নির্বাচনী কর্মকর্তাদের অবরুদ্ধ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের সাহাপাড়া কেন্দ্রে ভোট গণনা শেষে কেন্দ্র অবরোধ ও নির্বাচনী কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম সোহাগের সমর্থকরা। এ সময় প্রিসাইডিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাকা গুলি ছুড়ে তাদের উদ্ধার করে।
এদিকে একই দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী বাসস্ট্যান্ড গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে নেতাকর্মীরা দেড় ঘণ্টাব্যাপী অবরোধ করে। পরে পুলিশ ও র্যাব সদস্যার উপস্থিত হয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে অবোরধ মুক্ত করে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, খবর পেয়ে গুলি বর্ষণ করে প্রিসাইডিং কর্মকর্তাসহ অন্যদের উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হয়েছে কি না সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদপুর ইসলাম জানান, প্রার্থী রফিকুল ইসলাম সোহাগ পুনরায় ভোটগ্রহণ ও ভোটের ফলাফল ঘোষণার দাবি জানান। তিনি জানান, সব ইউনিয়নের ফলাফল উপজেলা পরিষদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরবরাহ করা হয়। কেন্দ্রে শুধু ওই কেন্দ্রের ফলাফল প্রার্থীদের এজেন্টদের হাতে দেওয়া হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবং ভুল বুঝে নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

সঞ্জিব দাস, ফরিদপুর