রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করার দাবি রাজশাহীতে
আসন্ন রমজান মাসে নিরাপদ খাদ্য সামগ্রী নিশ্চিত ও ভেজাল খাদ্য প্রতিরোধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি। মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন।
আজ বুধবার সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা রোজার আগেই নিরাপদ খাদ্য নিশ্চিতের দাবি জানান। একইসঙ্গে ভেজালবিরোধী ও খোলা স্থানে ইফতার সামগ্রী বিক্রি বন্ধে অভিযান চালানোর দাবি জানানো হয়। অন্যথায় রাজশাহীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বক্তারা বলেন, রোজার মাস শুরুর আগেই একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে। বাণিজ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও স্থানীয় বাজারে মনিটরিং না থাকায় রোজার আগেই ব্যবসায়ীরা নানা কৌশলে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
বক্তারা বলেন, সাধারণ মানুষের আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বেড়ে যাচ্ছে। এসব বিষয়ে রাজশাহী চেম্বার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মনিটরিং নেই।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, ওয়ার্কার্স পার্টির নগর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. হেমায়েতুল ইসলাম আরিফ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী নগর শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান।

শ. ম সাজু, রাজশাহী