রাজশাহীতে বিএনপির প্রার্থীর গণসংযোগে হামলা
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা প্রামাণিকের গণসংযোগে হামলা চালানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে মাসুদ রানার পাঁচ সমর্থক আহত হয়েছেন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে গণকৈড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরে গণকৈড় ইউপির বর্তমান চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা নির্বাচন উপলক্ষে তাঁর কয়েকজন সমর্থককে নিয়ে গণকৈড় গ্রামে গণসংযোগে যান। এ সময় ওই ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আফসার আলীর ১০-১২ জন সমর্থক মাসুদ রানার লোকজনের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁরা বিএনপির প্রার্থী মাসুদ রানাকেও কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। এ সময় তাঁকে মুক্ত করতে গেলে তাঁর পাঁচ সমর্থককে পিটিয়ে আহত করা হয়।
আহতরা হলেন আব্দুল হান্নান (২২), রাব্বি হাসান (১৮), শাহ আলম (২৫), শান্ত হোসেন (২১) ও রায়হান হোসেন (২৩)। এ ঘটনার পর দুই পক্ষের শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয়দের সহায়তায় বিএনপি প্রার্থী মাসুদ রানা গণসংযোগ বাদ দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে কিছুই জানেন না বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী। তিনি বলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। কেউ তাঁর কাছে কোনো রকম অভিযোগও করেনি। তবে এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে গত ১৩ মে এ ইউনিয়নের উজানখলসী বাজারে ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী আফসার আলীর লোকজন দলের বিদ্রোহী প্রার্থী আলিফ হোসেনকে কুপিয়ে জখম করে। উপজেলা কৃষক লীগের সভাপতি আলিফ হোসেন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসার্ধীন রয়েছেন।
আগামী ২৮ মে কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শ. ম সাজু, রাজশাহী