ফরিদপুরে বিল থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চরমঙ্গলকোট গ্রামের বিলশুকুনিয়া খাল থেকে গত শনিবার বিকেলে শিখা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিখা বেগম চরমঙ্গলকোট গ্রামের মৃত আলিফ পাট্টাদারের স্ত্রী।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ বিলের কচুরিপানায় ঢাকা অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে আজিজুল পাট্টাদার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।
এসআই আরো জানান, শিখা বেগমের লাশের সঙ্গে ৩০ হাজার টাকা ও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ লুকিয়ে রাখতে বিলের কাদা-পানিতে কচুরিপানা দিয়ে ঢেকে রেখেছিল।

সঞ্জিব দাস, ফরিদপুর