রাবির বার্ষিক প্রতিবেদন প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০১৪-১৫ প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করেছে প্রতিবেদন সম্পাদনা পর্ষদ। এ নিয়ে গত তিন বছরে ছয়টি প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ নিয়মিত হলো।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান বলেন, বুধবার উপাচার্যের হাতে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদন তুলে দেন সম্পাদনা পর্ষদের সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। প্রতিবেদন হস্তান্তরকালে সম্পাদনা পর্ষদের সদস্যরাসহ প্রতিবেদনের প্রকাশক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা জানা গেছে, বার্ষিক প্রতিবেদনে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক তথ্য স্থান পেয়েছে। এ ছাড়া নবম সমাবর্তন ও একবিংশ বার্ষিক সিনেট অধিবেশন সম্পর্কে দুটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ হয়েছে। ১০ সদস্যের একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছে।
আরো জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে জবাবদিহি নিশ্চিত করতে রাবি অধ্যাদেশে নিয়মিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের নির্দেশনা রয়েছে। তবে ২০০০ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ ছিল অনিয়মিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০১৩ সালে নিয়মিতভাবে বার্ষিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গত তিন বছরে ২০০৯-১০ থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ছয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মশিহুর রহমান বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনিয়মিত ছিল। ২০১৩ সালে বর্তমান উপাচার্য দায়িত্ব গ্রহণের পর বার্ষিক প্রতিবেদন নিয়মিত প্রকাশের বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। এ কারণেই প্রতিবেদন নিয়মিত প্রকাশ সম্ভব হয়েছে।

রাবি সংবাদদাতা