বাসের ধাক্কায় পিকআপ উল্টে মা-মেয়ে নিহত
সাতক্ষীরায় পিকআপ ভ্যান উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দুজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মা সাহিদা খাতুন ও মেয়ে সালমা খাতুন। তাঁরা দুজনই ইটভাটার শ্রমিক ছিলেন। আহত দুজন হলেন আমীর আলী ও আমেনা খাতুন। তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীনুর রহমান জানান, আজ সকালে পিকআপ ভ্যানটি মাধবকাঠি থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা এ কে ট্রাভেলসের একটি নৈশকোচ পিকআপটিকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপে থাকা ইটভাটার শ্রমিক মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থরে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। নিহত ব্যক্তিদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা