ছাত্রীর হাত টেনে ধরায় স্কুলশিক্ষক বরখাস্ত
প্রাইভেট পড়ার সময় দশম শ্রেণির এক ছাত্রীর হাত টেনে ধরার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদি উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি আজ রোববার শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেয়। বরখাস্ত হওয়া শিক্ষকের নাম কৃষ্ণ পদ পাল। তিনি কৃষি শিক্ষার সহকারী শিক্ষক।
এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাক মোল্যা আজ বিকেলে এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযোগ পেয়েছি ওই শিক্ষক কাদিরদি বাজারে ভাড়া বাসায় কয়েকজন ছাত্রীকে প্রাইভেট পড়ান। পড়ানোর সময় ওই শিক্ষক দশম শ্রেণির এক ছাত্রীর হাত ধরেন। বিষয়টি তার এক বান্ধবী দুই মাস পরে শিক্ষার্থীদের জানালে স্কুলের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ এনে বিচার দাবি করে। তবে এ ব্যাপারে ওই ছাত্রী বা তার পরিবার আমাদের কাছে কোনো অভিযোগ জানায়নি। অভিযোগের সত্যতা যাচাইয়ে কৃষ্ণ পদ পালকে সাময়িক বরখাস্ত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
আবদুর রাজ্জাক মোল্যা আরো বলেন, ‘সাময়িক একটি ব্যবস্থা গ্রহণ করেছি আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগের ভিত্তিতে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটা আমরা খুঁজে বের করব।’
এ ব্যাপারে ছাত্রীর বাবার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তাঁর মেয়ের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
অভিযুক্ত শিক্ষকের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ওই ছাত্রী ষষ্ঠ শ্রেণি থেকে আমার কাছে প্রাইভেট পড়ে। সে অষ্টম শ্রেণিতে গোল্ডেন এ-প্লাস পেয়েছে। কিছু বখাটে ছাত্র তাকে বিরক্ত করত। আমি বাধা দেওয়ায় আমার বিরুদ্ধে এ সব ষড়যন্ত্র করছে।’

সঞ্জিব দাস, ফরিদপুর