দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের সঙ্গে প্রতারণা, আ.লীগের এজেন্টকে জরিমানা
মেহেরপুরে দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করে অন্য প্রতীকে সিল মারার অপরাধে আওয়ামী লীগের এক এজেন্টকে জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রে ভোট দিতে আসা এক দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারকে মিথ্যা কথা বলে নিজের পছন্দের প্রতীকে সিল মারছিলেন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট শরিফুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিম মো. শাহীনুজ্জামান তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী হাকিম শাহীনুজ্জামান বলেন, ওই দৃষ্টিপ্রতিবন্ধী ভোটার শরিফুল ইসলামকে ধানের শীষে সিল মেরে দিতে বলেন। কিন্তু শরিফুল ইসলাম ধানের শীষে সিল না মেরে নৌকায় সিল মেরে ওই ভোটারের সঙ্গে প্রতারণা করেন। এই অপরাধে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, নির্বাচন চলাকালে একই উপজেলার ধানখোলা ইউনিয়নে ভোটকেন্দ্রের কাছে মোটরসাইকেল চালানোর অপরাধে পাঁচটি মোটরসাইকেল জব্দ করেন নির্বাহী হাকিম শুভ্রা দাস। আইন ভঙ্গ করায় এসব মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর