মধুখালীতে পৃথক ঘটনায় গৃহবধূকে স্বামী-শ্বশুরের নির্যাতন
মধুখালীতে পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূকে স্বামী ও শ্বশুর কর্তৃক নির্যাতনের খবর পাওয়া গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নিখরিয়া গ্রামের মো. রুস্তম সেখের মেয়ে শেফালী বেগমের (২০) সঙ্গে একই উপজেলার ঘোড়াখালী গ্রামের আহম্মদ খানের ছেলে রুবেল খানের চার বছর আগে বিয়ে হয়। গৃহবধূ শেফালীর কাছে বিদেশ যাওয়ার নামে বাবার কাছ থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার দাবিতে গত ২৭ এপ্রিল অকথ্য নির্যাতন চালিয়ে দুদিন ঘরে আটকিয়ে রাখে। এ সময় শেফালী কৌশলে বাবার বাড়িতে আসেন। তাঁর ডান চোখের আঘাত গুরুতর হওয়ায় ২৯ এপ্রিল মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। শেফালীর সংসারে শিহাব নামেন দুই বছরের একটি ছেলে রয়েছে।
অন্যদিকে, উপজেলার দেলমথুরাপুর গ্রামের মো. আজিজার সেখের মেয়ে রত্না বেগমের সঙ্গে এই উপজেলার চৈতী ভীমনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে মো. জাকির মোল্লার ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বর্তমানে তাঁদের সংসারে দুই ছেলে রয়েছে। ঘটনাসূত্রে জানা যায়, রত্নার ওপর শ্বশুরবাড়ির লোকজন স্বামীর বিদেশ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে আড়াই লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। টাকা এনে দিতে অস্বীকার করায় নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
গত ২ মে রত্নার ওপর স্বামী ও শ্বশুর মিলে নির্যাতন চালিয়ে ঘরে তালাবন্দি করে রাখে। স্থানীয়রা বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখায় খবর দিলে মধুখালী থানা পুলিশের সহযোগিতায় তাঁকে শ্বশুরবাড়ির বন্দিদশা থেকে উদ্ধার করে মধুখালী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর