ফরিদপুরে চার দিনেও উদ্ধার হয়নি মারুফা
ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী মারুফা বেগম রত্নাকে (১৩) চার দিনেও উদ্ধার করা যায়নি। গত ৩০ এপ্রিল থেকে মারুফা নিখোঁজ।
মারুফাকে উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার সকালে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে সহপাঠীরা। ওই কর্মসূচিতে সহপাঠীরা জানায়, মারুফাকে অপহরণ করা হয়েছে এবং অবিলম্বে অপহৃত মারুফাকে উদ্ধারের দাবি জানায় তারা। মারুফা উদ্ধার না হওয়ায় অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে জানানো হয় মানববন্ধন থেকে।
এ ঘটনায় মারুফার বাবা মাইনুদ্দিন কাজী বাদী হয়ে কোতোয়ালি থানায় অপহরণের মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় এমদাদিয়া হাসানিয়া মাদ্রাসার সামনে থেকে কয়েকজন যুবক মারুফাকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তিনি জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তার ও মারুফাকে উদ্ধারের চেষ্টা করছে।

সঞ্জিব দাস, ফরিদপুর