বাদশা ও লিটনসহ রাজশাহীর ১০ ব্যক্তিকে হত্যার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সংসদ সদস্য (এমপি), সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পাঁচ সাংবাদিকসহ ১০ জনকে হত্যার হুমকিসংবলিত চিঠি এসেছে নাটোর প্রেসক্লাবে। চিঠির ওপরে লেখা ছিল ‘ইসলামী লিবারেশন ফ্রন্ট বাংলাদেশ’ (আইএলএফ)।
নাটোর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠিটি পাঠানো হয়। আজ সোমবার দুপুরে ডাকযোগে নাটোর প্রেসক্লাবে চিঠিটি পৌঁছায়।
কম্পিউটার কম্পোজ করা এক পৃষ্ঠার ওই চিঠিতে বলা হয়, ‘রাজশাহী অঞ্চলে আমাদের কিলিং মিশনে যারা আছেন।’ এরপর ১০ জনের নামের তালিকা দেওয়া হয়।
তালিকায় আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সাংবাদিক শিবলী নোমান, সাংবাদিক আনু মোস্তফা, মুক্তিযোদ্ধা বরজাহান আলী শাহজাহান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী ও দৈনিক শানসাইন পত্রিকার সম্পাদক ইউনুস আলী।
এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি জানান, চিঠির বিষয়টি নিশ্চিত হওয়ার পর গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

হালিম খান, নাটোর