মধুখালীতে ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রির দায়ে একজনের কারাদণ্ড
ফরিদপুরের মধুখালীতে ভেজাল প্রসাধনী তৈরি ও বিক্রির দায়ে মালিক আবদুল্লাহ নামে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার এ দণ্ড দেন।
দণ্ডাদেশ পাওয়া মালিক আবদুল্লাহর বাড়ি উপজেলার কামারখালী মছলন্দপুর গ্রামে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, আজ কামারখালীর মছলন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী তৈরির সরঞ্জামসহ মালিক আবদুল্লাহকে আটক করা হয়। পড়ে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যাওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নাহার তাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর (৪১) ধারায় ভেজাল পণ্য তৈরি ও বিক্রি করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় জব্দকৃত ভেজাল প্রসাধনী আগুনে পুড়িয়ে ফেলা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর