ফরিদপুরে হঠাৎ কালবৈশাখী, বৃষ্টিতে স্বস্তি
ফরিদপুরে হঠাৎ করেই দমকা হওয়ায় মুষলধারে ঝড়ো বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরে এসেছে জেলাবাসীর মধ্যে। আজ রোববার পড়ন্ত বিকেলে হঠাৎ করে আকাশে একরাশ কালো মেঘ জমতে দেখে মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে পায়, আজ হয়তো কাঙ্ক্ষিত বৃষ্টি হতে পারে।
সন্ধ্যা লাগার আগেই শুরু হয় ঝড়ো বাতাস। কয়েক মিনিট বাতাসের পর ঝড়ো বৃষ্টিতে সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝড়বৃষ্টি চলছে। রাস্তাঘাটের মানুষ নিরাপদে আশ্রয় নিয়েছে। ফাঁকা হয়ে গেছে সড়কগুলো। তবে এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
ফরিদপুর আবহাওয়া অফিসের ইনচার্জ সূর্য্যল আমিন জানান, গত দুই সপ্তাহে ফরিদপুরে গড় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।
জেলা কৃষি বিভাগের উপপরিচালক জি এম আবদুর রউফ জানান, চলতি মৌসুমে পাটের আবাদ হয়েছে ৮১ হাজার ২৫৯ হেক্টর জমিতে। তিনি বলেন, সম্প্রতি দাবদাহের কারণে ক্ষেতের পাটে পোকার উপদ্রব দেখা দিয়েছে। হঠাৎ করে এই বৃষ্টির ফলে পাটচাষিদের মুখে হাসি ফুটবে।
কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিক বৈশাখী খরতাপে নাভিশ্বাস ওঠে মানুষের। জনজীবনে দেখা দেয় অস্বস্তি। এ ছাড়া আজ সকালে শহরের মিয়াপাড়া সড়কের জোহরা বেগম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সব মসজিদের ইমামদের আয়োজনে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে ইস্তেকার নামাজ ও দোয়ার আয়োজন করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর