স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাদশা
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফজলে হোসেন বাদশা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি রাজশাহী মহানগর পুলিশের কাঠামো পুনর্গঠনেরও দাবি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী তাঁকে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ফজলে হোসেন বাদশা জানান, রাজশাহীর সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি মন্ত্রীকে জানিয়েছেন, রাজশাহী পুলিশ কাঠামো পুনর্গঠন না করলে কার্যকর পুলিশী ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। রাবি অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক টুকু এবং হোটেল নাইস ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার প্রসঙ্গ তুলে তিনি মন্ত্রীকে বলেছেন, ধারাবাহিক এসব ঘটনা রোধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়গুলো নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁকে আশ্বস্ত করেছেন।
এর আগে গত সোমবার সাম্প্রতিক সময়ে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ জানিয়ে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

শ. ম সাজু, রাজশাহী