পানির অভাবে বিপাকে পাটচাষি
বাংলাদেশে পাটের জন্য ফরিদপুর জেলা বিখ্যাত। এর মধ্যে সালথা উপজেলা পাটের জন্য অন্যতম। এ বছরের শুরুতেই পানির অভাবে সালথার পাটচাষিরা চরম বিপাকে পড়েছেন। আর এর কারণ একটাই, বৃষ্টির অভাব। ফলে সোনালি ফসল উৎপাদনের জন্য এখন জমিতে সেচ দিতে হচ্ছে কৃষকদের।
এলাকা ঘুরে জানা যায়, এ উপজেলার মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এর মধ্যে পাট ও পেঁয়াজ অন্যতম। আগে এ উপজেলার কৃষকরা বৃষ্টির পর পাটের বীজ বপন করতেন। বীজ বপন করার ১০-১৫ দিনের মধ্যেই আবার ঘন ঘন বৃষ্টি হতো। কোনো প্রকার সেচের ব্যবস্থা ছিল না। রোদ-বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকার কারণে এখানে পাটের উৎপাদন ভালো হতো।
এ বছর উপজেলার ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। কিন্তু আবহাওয়া পাটের অনুকূলে না থাকায় অনেক জমির পাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাটের বীজ বপন করার আগে থেকে এ পর্যন্ত বৃষ্টি না হওয়ায় পাটচাষিরা বিপাকের মধ্যে পড়েছেন। দরিদ্র কৃষক সেচ দিতে না পারায় তাদের পাটক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে।
সালথা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, এ বছরে উপজেলায় ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। কিন্তু আবহাওয়া পাটের অনুকূলে না থাকায় অনেক জমির পাট নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সঞ্জিব দাস, ফরিদপুর