নিখোঁজ সন্তান ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের কলেজছাত্র সোহানুর রহমান সোহানকে অক্ষতভাবে পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে পরিবারের পক্ষ থেকে করা সংবাদ সম্মেলনে এ দাবি করেন নিখোঁজের বাবা মো. মহসিন আলী।
এ সময় সোহানের মা পারভীনা খাতুন, বোন মাসুমা খাতুন ও ছোট ভাই মাসুম উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মহসিন আলী বলেন, ১০ এপ্রিল বিকেল ৫টার দিকে গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাঁর বড় ছেলে সোহানুর রহমান সোহানকে। সেই থেকে সোহান নিখোঁজ রয়েছে। সে কালীগঞ্জ নুর আলী কলেজের ছাত্র।
লিখিত বক্তব্যে সোহানের বাবা আরো বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতি করে না। ছেলের সন্ধানে রাজনৈতিক নেতা ও প্রশাসনের দ্বারস্থ হয়ে আমি ক্লান্ত।’ তিনি ছেলেকে ফেরত পাওয়ার দাবি জানান।
এদিকে, সংশ্লিষ্ট কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, সোহানের বাবা থানায় একটি জিডি করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ঘটনার সঙ্গে জড়িত নেই। নিখোঁজ ছেলেটি শিবিরকর্মী কি না, তা-ও নিশ্চিত করতে পারেননি ওসি।

মিজানুর রহমান, ঝিনাইদহ