ফরিদপুরে দুর্নীতির দায়ে সাবেক সমাজকর্মীর কারাদণ্ড
ফরিদপুরে দুর্নীতির দায়ে সাবেক ইউনিয়ন সমাজকর্মী এ কে এম জাহিদুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলার বিশেষ জজ আদালতের বিচারক এ এস এম জহুরুল ইসলাম এ আদেশ দেন।
এ কে এম জাহিদুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পলাতক।
জেলা বিশেষ জজ আদালতের কৌঁসুলি মুজিবুর রহমান জানান, ১৯৯৬ সালের ৬ নভেম্বর থেকে ২০০১ সালের ৫ জুলাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন জাহিদুল। ওই সময়ে ঘূর্ণায়মান তহবিলের ঋণগ্রহীতাদের কাছ থেকে আদায় করা ছয় লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছিলেন তিনি।
এ বিষয়ে বিশেষ জজ আদালতের পেশকার সাধন কুমার বালা জানান, ২০০৯ সালের ২৭ আগস্ট ফরিদপুরের সমন্বিত দুর্নীতি দমন আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবুল হোসেন বোয়ালমারী থানায় একটি মামলা করেন। ২০১১ সালের ৫ সেপ্টেম্বর ফরিদপুরের সমন্বিত দুর্নীতি দমন আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন তদন্ত করে জাহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গতকাল ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক জাহিদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দোষী সাব্যস্ত করে উল্লিখিত রায় দেন।

সঞ্জিব দাস, ফরিদপুর