ফরিদপুরে দুই বাড়িতে ডাকাতের লুটপাট, আহত ৩
ফরিদপুরের বোয়ালমারীর দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরি গ্রামে স্বপন সাহা ও তপন সাহা নামের দুই ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনজন।
স্বপন সাহা জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা বাড়ির প্রায় সব ধরনের মূল্যবান সামগ্রী লুট করে। সেই সঙ্গে তাঁর ভাই তপন সাহার বাড়ির লোহার গ্রিল কেটে ভেতরে ঢুকে ঘরে থাকা সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তপন সাহা(৪৫), তাঁর স্ত্রী করুণা রানী সাহা (৩৫) ও মেয়ে পলি সাহা (১৪) গুরুতর আহত হন।
আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ডাকাতির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

সঞ্জিব দাস, ফরিদপুর