কুড়িগ্রাম সীমান্তে ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ারচর সীমান্ত এলাকা থেকে আটক ২৯০ কেজি ভারতীয় গুজি তিলসহ বিজিবি সদস্যরা। ছবি : এনটিভি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দইখাওয়ারচর সীমান্ত এলাকা থেকে ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক করেছে বিজিবি।
আজ শুক্রবার ভোররাতে বিজিবির ৪৫ ব্যাটালিয়নের কুড়িগ্রামের দইখাওয়ারচর বিওপির নায়েক মো. আজাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে মেইন পিলার ১০৪২ থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে কালির আলগা নামক স্থানে অবস্থান নেয়। পরে তিনজন লোক হেঁটে মাথায় বস্তা নিয়ে ওই স্থানে আসার পর টহল দলকে দেখা মাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল ২৯০ কেজি ভারতীয় গুজি তিল আটক করতে সক্ষম হয়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবির পরিচালক মো. জাকির হোসেন জানান, আটক তিল কাস্টমস কার্যালয়ে জমা করা হয়েছে।

হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম