রাজস্ব ফাঁকির অভিযোগে ১১ ট্রাক ভারতীয় পান আটক
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ১১ ট্রাক ভারতীয় পান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজস্ব ফাঁকির অভিযোগে এসব পান আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বৃহস্পতিবার এসব পান আটক করা হয়।
বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ুন কবির বলেন, বৃহস্পতিবার বিকেলে ১১ ট্রাকভর্তি ভারতীয় পান ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে আমদানি করা হয়। প্রকৃত রাজস্ব দেওয়া হয়নি এমন অভিযোগে গাড়িগুলো আটক করা হয়। এমনকি এতে অবৈধ পণ্যও লুকিয়ে রাখা হয়েছে বলে গোপন অভিযোগ পাওয়া যায়। পরে তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিজিবির পাহারায় পাঠিয়ে দেওয়া হয় সাতক্ষীরায় বিজিবির ৩৮ ব্যাটালিয়ন সদর দপ্তরে।
বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন বলেন, ‘১১টি গাড়িতে যে পান রয়েছে, তার কাগজপত্রে গরমিল পাওয়া গেছে।’ তিনি বলেন, ‘প্রতিটি ১০১ কেজি বস্তা পানের বিপরীতে রাজস্ব পরিশোধ করা হয়েছে মাত্র ৪০ কেজির। বাকি ৭০ কেজির রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।’ তিনি আরো বলেন, ‘আমরা সব পানের বস্তা চেক করছি। এখন পর্যন্ত অন্য কোনো অবৈধ পণ্য এর মধ্যে পাওয়া যায়নি।’
এদিকে, ভোমরা কাস্টমস সুপারিনটেনডেন্ট আবদুল লতিফ জানান, ভোমরার আলেয়া এন্টারপ্রাইজ এই পানের সিঅ্যান্ডএফ এজেন্টের দায়িত্ব পালন করেছে। তিনি আরো জানান, প্রতিটি ৭০ কেজি বস্তার বিপরীতে নির্ধারিত রাজস্বও পরিশোধ করেছে তারা। তিনি বলেন, এতে ৪৪ টন পান রয়েছে।
এ ব্যাপারে সংবাদমাধ্যমকে পরে আরো জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা