দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি
যাঁরা দুর্নীতি করেন, তাঁদের চিহ্ণিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
আজ মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন ইফতেখারুজ্জামান। সচেতন নাগরিক কমিটি (সনাক) এ সভার আয়োজন করে।
ইফতেখারুজ্জামান বলেন, ‘সকল ক্ষমতার মালিক জনগণ। সরকার যদি নিজেকে জনগণের সরকার মনে করে থাকে তবে সব ক্ষেত্রে জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘যেসব প্রতিষ্ঠানে দুর্নীতি আছে তাদের চিহ্ণিত করে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে।’ তিনি দুর্নীতিকে ঘৃণাভরে প্রত্যাখ্যানের আহ্বান জানান। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিটি নাগরিকের কাম্য উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এতে গণতন্ত্রের চর্চা সম্ভব হবে ।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি ড. দিলারা বেগম। সভায় আরো বক্তৃতা করেন জেলা প্রশাসক এ কে এম মহিউদ্দন, অধ্যক্ষ আবদুল হামিদ, পরমাণুবিজ্ঞানী ড. মতিউর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি প্রমুখ।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা