সাতক্ষীরার সীমান্তে মিলল নারীর লাশ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ধানক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে সীমান্তের মেইন পিলার ১৩ থেকে ১০০ গজ দূরে এবং জিরো পয়েন্ট থেকে ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে চারাবাড়ী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তলুইগাছা বিওপি কমান্ডার সুবেদার কবির বলেন, ‘আজ ভোরে শাড়ি ও বোরকা পরিহিত ওই নারীর মরদেহ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা। কিন্তু গতকাল এই সীমান্তের দুই প্রান্তে বাংলাদেশ ও ভারতীয় এলাকায় কোনো ধরনের গুলির ঘটনাও ঘটেনি। এই হত্যা কোনো সামাজিক কারণে হতে পারে।’
সুবেদার কবির আরো জানান, আশপাশে কোনো নারীর নিখোঁজ হওয়ার কোনো খবর কেউ দিতে পারেনি। তাই প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ-ভারত সীমান্তে লাশ পড়ে থাকার খবর পেয়ে সদর থানা ও কলারোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে বলেও জানান বিজিবি সুবেদার।
আজ সকাল ১০টার দিকে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান ঘটনাস্থল থেকে এনটিভি অনলাইনকে জানান, নিহত নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে নিহত নারী ভারত না বাংলাদেশের নাগরিক, তা জানা যায়নি।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা