সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডিপুরে বজ্রপাতে শফিকুল ইসলাম নামের একজন মৎস্য ঘেরমালিক নিহত হয়েছেন।
অপরদিকে তালা উপজেলার ঝড়গাছা দৌলতপুর গ্রামে বজ্রপাতে মারা গেছেন নিরঞ্জন ঘোষ নামের আরো এক ব্যবসায়ী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পৃথক স্থানে বজ্রপাতের এসব ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, নিহত শফিকুল ইসলাম শ্যামনগরের সোনার মোড়ের রউফ গাইনের ছেলে। তিনি আবাদচণ্ডিপুরে তাঁর নিজ ঘেরের বেড়িবাঁধের ওপর দাঁড়িয়ে শ্রমিকদের কাজ দেখছিলেন। ওই সময় বজ্রপাতে গুরুতর আহত হলে তাঁকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সরুলিয়া ইউনিয়নের ঝড়গাছা দৌলতপুর গ্রামে বিলের মধ্যে নিজ ক্ষেতের ধান দেখতে গিয়েছিলেন ব্যবসায়ী নিরঞ্জন ঘোষ। এ সময় বজ্রপাতে তিনি নিহত হন।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা