ফরিদপুরে প্রতারণার অভিযোগে আটক ৪
মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে দামি গাড়ি, বাড়ি, মূল্যবান সামগ্রী এবং নগদ টাকার প্রলোভন দেখিয়ে জনসাধারণকে সর্বস্বান্ত করার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
গতকাল সোমবার রাতে জেলার মধুখালী উপজেলার ডুমাইন ও বাগাটগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
আটক চারজন হলেন মো. সেলিম ওরফে হাংক সেলিম (২৫), সাদ্দাম (৩৫), পরেশ সরকার (২৫) ও জাহিদ শেখ (৩১)।
ওই চারজনকে আটকের বিষয়ে আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে ফরিদপুর র্যাব কার্যালয়ে এক সংবাদে সম্মেলন করা হয়।
ওই সংবাদ সম্মেলনে র্যাবের কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এক সরকারি কর্মকর্তার স্ত্রীকে একটি পাজেরো গাড়ির প্রলোভন দেখিয়ে এক লাখ ৯৭ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্রটি। পরে ওই নারী র্যাবকে বিষয়টি জানালে দীর্ঘ এক মাস মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চারজনকে আটক করা হয়।
র্যাবের ওই কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া চারজন ২০০৭ সাল থেকে দেশব্যাপী বিভিন্ন প্রতারণা করে আসছিল। আটকের পর তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণার ফোন এবং প্রয়োজনীয় কাগজপত্র উদ্ধার করা হয়।

সঞ্জিব দাস, ফরিদপুর