আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ, মেহেরপুরে মানববন্ধন
মেহেরপুরের প্রথম বিভাগ ক্রিকেট লিগ বাস্তবায়ন কমিটি ও আম্পায়ারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে মেহেরপুরে মানববন্ধন করা হয়েছে। লিগে অংশগ্রহণকারী চারটি দল আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর কোর্ট রোডে এ মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেন আমঝুপি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরির ক্রীড়া সম্পাদক আতিকুর রহমান, সহকারী ক্রীড়া সম্পাদক সহিদুল ইসলাম সাগর, উদয়ন ক্লাবের সভাপতি আসাদুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, আমঝুপি ক্রীড়া একাদশের সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক সোহেল রানা সবুজ ও চাঁদবিল শেরেবাংলা ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ দলগুলোর খেলোয়াড়রা।
দ্রুত এ সমস্যার সমাধান করা না হলে লিগ বর্জন করাসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন ক্লাবগুলোর কর্মকর্তারা।
গতকাল বুধবার আমঝুপি পাবলিক ক্লাব বনাম ইয়োলো ক্রীড়াচক্রের ক্রিকেট খেলা চলাকালে একটি ক্যাচ ধরা নিয়ে প্রথম ও লেগ আম্পায়ারের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদেই আজ মানববন্ধন করা হয়।

রেজ আন উল বাসার, মেহেরপুর