মাইক্রোবাসে ছাত্রী অপহরণ, ব্যারিকেড দিয়ে উদ্ধার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণের দুই ঘণ্টার মধ্যে রাস্তায় ব্যারিকেড দিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোয়ালমারী ইউনিয়নের চুকিনগর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করেন।
আটক সহিদুল ইসলাম (৩০) পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের রবি মোল্লাকে (২৫) প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছাত্রীর বাবা।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ও ওই ছাত্রীর জবানবন্দিতে অপহরণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মূল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামি সহিদুল ও ছাত্রীকে আজ শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, বৃহস্পতিবার বোয়ালমারী সালামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে সহপাঠীদের সঙ্গে অটোরিকশা করে উপজেলার দাদপুরের গ্রামের বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী। চুকিনগর মাদ্রাসার সামনে পৌঁছালে ছয়-সাতজনের একটি দল ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে মাইক্রোবাসে তুলে নেয়।
পরে ওই ছাত্রীর সহপাঠী মেহেদী তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানায়। তখন এসআই সহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বড়গা বাজারের সামনে বোয়ালমারী-সহইল সড়কে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসটি আটক করে।
এ সময় মূল হোতারা পালিয়ে যায়। পুলিশ ছাত্রীকে উদ্ধার করে ও মাইক্রোবাসচালককে আটক করে থানায় নিয়ে আসে।

সঞ্জিব দাস, ফরিদপুর