মানিকগঞ্জে কীটনাশক পানে বৃদ্ধার আত্মহত্যা!
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া নয়াপাড়ায় আজ শনিবার রাতে কীটনাশক পানে লাইলী বেগম (৬০) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লাইলী ওই গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।
লাইলীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাঁর মা মাঝেমধ্যে মানসিক রোগে উল্টাপাল্টা কথা বলেন এবং অভিমান করে থাকেন। কোনো কারণ ছাড়াই কাউকে কিছু না বলে সন্ধ্যার দিকে তাঁর মা কীটনাশক পান করেন। মুখে কীটনাশকের গন্ধ পেয়েই দ্রুত তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
ধানকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম রউফ জানান, ছেলে ও মেয়েদের আবেদনের পরিপ্রেক্ষিতেই আইন অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া করা হচ্ছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, স্বজনেরা আইন অনুযায়ী কাগজপত্র থানায় দিয়ে লাশ দাফন করতে পারবেন।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ