সভা-সমাবেশ-প্রতিবাদ করুন, বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি হরতাল-অবরোধ ডাকছেন; কেউ আসে না, কোনো যানবাহন বন্ধ হয় না। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনি যদি জনগণের নেতা হতে চান, তবে তথাকথিত হরতাল-অবরোধ বাদ দিন।’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার পাশাপাশি ভুল স্বীকার করে খালেদা জিয়াকে সুস্থ রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হোন, যথাসময়ে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। জনগণ চাইলে আপনারা ক্ষমতায় যাবেন। আমরা বিরোধী দলে থাকব। বোমাবাজি করে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। তাহলে বিএনপি বলে আর কিছু থাকবে না। আপনাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে। হরতাল-অবরোধ প্রত্যাহার করুন। গণতন্ত্রের পথে ফিরে এসে সভা-সমাবেশ ও প্রতিবাদ করুন। আমাদের সরকারের সমালোচনা করুন, আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিন।’
বিএনপি-জামায়াতের চলমান কর্মসূচির প্রতি জনগণের কোনো সমর্থন নেই উল্লেখ করে নাসিম বলেন, ‘হরতালের প্রতি, অবরোধের প্রতি মানুষের কোনো সমর্থন নেই। বাংলাদেশের কোনো জায়গায়, কোনো অঞ্চলে হরতালের নাম-নিশানা নেই। সব জায়গায় জনজীবন স্বাভাবিক। যানবাহন চলছে, দোকানপাট, ব্যবসা-বাণিজ্য চলছে। এমনকি মফস্বলে পর্যন্ত স্কুল-কলেজ খোলা আছে। শুধু হরতালের নামে, বোমাবাজির নামে, জ্বালাও-পোড়াওয়ের নামে আমাদের বাচ্চাদের পরীক্ষাগুলো কিছুটা বিলম্বিত করা হয়েছে। বাংলাদেশের মানুষ ভয়কে জয় করেছে।’
‘একাত্তরের ঘাতকদের যারা বাঁচাতে চায়, দুর্নীতির মামলা থেকে যারা রেহাই পেতে চায়, তাদের প্রতি জনগণের সমর্থন থাকতে পারে না। গত ৬০ দিন ধরে ১২০ জন মানুষকে হত্যা করা হয়েছে। শিশুদের পর্যন্ত অগ্নিদগ্ধ করা হয়েছে। জনগণের জন্য এ হরতাল-অবরোধ নয়’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
‘যারা খালেদা জিয়াকে পরামর্শ দিচ্ছে, তাদের কারণেই বিএনপির ভরাডুবি হবে’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘দল থেকে আপনাকে যারা পরামর্শ দিচ্ছে, তারা আপনাকে ডুবিয়ে ছাড়বে। আপনি নিজে সিদ্ধান্ত নিয়ে বলুন, আপনি আর হরতাল-অবরোধ চান না। আপনি গণতান্ত্রিক ধারার সুস্থ রাজনীতিতে ফিরে আসতে চান। এতে আপনার জয়-পরাজয় বা লজ্জা পাওয়ার কিছু নেই; বরং আপনার লজ্জা তখন, যখন হরতাল ডাকছেন, কিন্তু কেউ আসছে না।’

নিজস্ব প্রতিবেদক