মানিকগঞ্জে সেনাবাহিনীর ট্রাক খাদে, আহত ৭
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের নয়াডিঙ্গি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক খাদে পড়েছে। এতে অন্তত সাত সেনাসদস্য আহত হয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সেনাসদস্যদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ল্যান্স করপোরাল তাপস চন্দ্র দাস (৪০), সৈনিক জলিল (২৫), সুমন (৩০), বাহাউদ্দিন (৪২), সাইফুল (৩২) ও হাবিব (২২)।
আহত সাতজনের মধ্যে একজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈনিক হাবিবকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর হাসপাতালে ভর্তির রেকর্ড অনুযায়ী সেনাসদস্যের নামের আংশিক অংশ ও পদবি জানা গেছে।
মানিকগঞ্জ সদর হাসপাতালে ল্যান্স করপোরাল তাপস চন্দ্র দাস সাংবাদিকদের জানান, ঢাকা থেকে যশোর ক্যান্টনমেন্টের ৫০৫ জিওসির সদস্যরা ট্রাকের বহর নিয়ে ফিরছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকার কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনিসহ অন্তত সাত সেনাসদস্য আহত হন। তাঁদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
মানিকগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল আলম জানান, সৈনিক হাবিবকে গুরুতর অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ছয়জনকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ