বাড়িতে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
বান্দরবানে নিজ বাড়িতে আগুনে দগ্ধ হয়ে হ্লানুচিং মারমা (৪৬) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুরে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ফথোয়াই অং কারবারি পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হ্লানুচিং মারমা স্থানীয় বাসিন্দা মেদোক মারমার মেয়ে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হ্লানুচিং মারমাদের বাড়িটি পাড়া থেকে কিছুটা নির্জন এলাকায় হওয়ায় সচরাচর সেখানে মানুষের যাতায়াত কম। রোববার দুপুরে হঠাৎ বাড়িটিতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দগ্ধ হয়ে প্রাণ হারান হ্লানুচিং। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, হ্লানুচিং মারমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। অগ্নিকাণ্ডের সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন।
বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে পুড়ে যাওয়া বাড়িতে তল্লাশি চালিয়ে বাথরুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলাউদ্দিন শাহরিয়ার, বান্দরবান