সাতক্ষীরায় ‘চিপস খেয়ে’ হাসপাতালে ছয় ছাত্রী
সাতক্ষীরায় পটেটো চিপস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর ছয় ছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ লাইনস স্কুলের প্রধান শিক্ষিকা আমেনা বেগম জানান, চিপস খেয়ে ছয় ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলার পর সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমেনা বেগম জানান, ‘আজ সকালে মেয়েরা স্কুলে এসে জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন। কিছুক্ষণ পর বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রী অথৈ, জান্নাতুল, অ্যানি, স্নেহা, সাঙ্গানা ও শাম্মি এক ফাঁকে বাইরের দোকান থেকে পটেটো চিপস কিনে খায়। এতে প্রথমে তারা অসুস্থ হয়ে পড়ে, একপর্যায়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই এই ছয় শিক্ষার্থীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুল ওয়াজেদ জানান, অজ্ঞান হয়ে পড়া ছয় ছাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তারা সুস্থ হয়ে উঠছে। প্রচণ্ড তাপমাত্রার কারণে এই ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা