মা-ছেলে হত্যার ৫ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ী বস্তি এলাকায় মা-ছেলে হত্যা মামলার প্রধান আসামি রুবেল পাঁচ বছর পর গ্রেপ্তার হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর ইসানগর এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার হওয়া রুবেলের বাড়ি ওই এলাকাতেই। তাঁকে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পিবিআইয়ের জেলা কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
পুলিশ জানায়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশকে সহায়তা করার কারণে জাহানারা বেগম ও তাঁর ছেলে জামাল উদ্দীনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা হয়। আদালতের নির্দেশে চাঞ্চল্যকর এ মামলা তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। কিন্তু সিআইডির দাখিল করা অভিযোগপত্র আদালতের কাছে যুক্তিযুক্ত না হওয়ায় অধিকতর তদন্তের জন্য মামলার তদন্তভার পড়ে পিবিআইয়ের ওপর।
পিবিআইয়ের পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক জানান, পাঁচ বছর পলাতক থাকার পর এ মামলার প্রধান আসামি রুবেলকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম