কালাইয়ে বিএনপির কমিটি নিয়ে বিক্ষোভ, কুশপুতুল দাহ
জয়পুরহাটের কালাই উপজেলা ও পৌর বিএনপির আগের কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানের কুশপুতুল দাহ করেন।
আজ মঙ্গলবার দুপুরে বিক্ষুব্ধরা কালাই বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে জেলা বিএনপির দুই নেতার কুশপুতুল দাহ করেন দলের নেতাকর্মীরা। এ সময় সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
গত ৬ ফেব্রুয়ারি জেলা বিএনপির নির্বাহী কমিটির সভায় সব উপজেলা ও পৌর কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট